Saturday, 9 July 2016

সোনার চেয়ে দামি / মিনহা সিদ্দিকা

সোনার চেয়ে দামী/১
==========
স্টোর রুমে কী খুঁজতে গিয়ে আম্মুর বালাটা পড়ে যায়। খুঁজে বের করার দায়িত্ব পড়ল মেয়ে হিসাবে যথারীতি আমার উপর। বালা খুঁজতে গিয়ে পুরানো কাগজের মাঝে একটা পুস্তিকা পেয়ে যাই। তাতে অনেকগুলো ছড়া। একটা প্রকাশ করে দিলাম। বাকিগুলো লেখকের অনুমতি পেলে প্রকাশ করব। সেই ১৯৮৭ খ্রিষ্টাব্দেও রচয়িতার অনুভূতি দেখে বিস্মিত না-হয়ে পারি না।
----------------------------------------------------------------------------------
বিমর্শ
===
বউ হইয়ো না নারী
লাল আগুনে পুড়ে যাবে স্বপ্ন-বিভোর শাড়ি।
বর হইয়ো না নর
সবুজ মনে উঠবে তোমার কালবোশেখী ঝড়।
কেমন করে বাঁচি, তবে কেমন করে যাচি,
বন্ধু যদি হতে পার এস কাছাকাছি।
[ মোহাম্মদ আমীন, লাল ফটোর কালো রঙ, প্রকাশক : খুরশেদ আলম, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ সোহরাওয়ার্দী হল শাখা, চট্টগাম বিশ্ববিদ্যালয়, প্রকাশকাল : ১৯৮৭ খ্রিস্টাব্দ (খ্রিষ্টাব্দ)]

Tuesday, 29 March 2016

অবিবাহিত / ড. মোহাম্মদ আমীন

অবিবাহিত
‘অবিবাহিত’ শব্দের অর্থ অবিক্রীত বা অবিকৃত নরনারী। বিবাহ মানে বিক্রি। বিবাহিত বস্তু, বিক্রীত 
এবং বিক্রীত বস্তু, ব্যবহারের কারণে বিকৃত হয়ে পড়ে। বিয়ের পর মানুষ বিক্রি হওয়ার 
কারণে বিকৃত হয়ে যায়। তাই বিবাহিতগণের চাহিদা অবিবাহিতগণের তুলনায় কম।
 এজন্য বিয়ের পর মানুষ কপাল চাপড়ায়।
‘চা’ ও ‘পড়ায়’ শব্দের মিলনে ‘চাপড়ায়’ শব্দের সৃষ্টি। ‘চা’ যাকে ‘পড়ায়’ 
সেটা হচ্ছে চাপড়ায়।‘চা’ অর্থ বাচ্চা। কপাল চাপড়ায় অর্থ
‘চা কপালে বসে পড়ায়’। মানে বিয়ের পর বাচ্চারা
কপালে বসে মা-বাবাকে পড়ায়।
---------------------------------------------

অণুরম্য-গল্প।
সূত্র : অদ্‌ভূত অভিধান/ ড. মোহাম্মদ আমীন।

কম্বল/ ড. মোহাম্মদ আমীন

কম্বল
‘কম’ ও ‘বল’ শব্দ থেকে ‘কম্বল’। ‌'কম' অর্থ স্বল্প এবং 'বল' অর্থ শক্তি।
কোনো কারণে কারও বল যদি কমে যায়, তো সে - যে জিনিসের নিচে
আশ্রয় নিতে বাধ্য হয় সেটিই হচ্ছে কম্বল। কম্বলের ‘বল’
রুগ্ন মানুষের বলের চেয়ে বেশি। এজন্য কম্বলের নিচ
থেকে সহজে কেউ উঠতে চায় না
বা উঠতে পারে না।
----------------------------------
এটি একটি অণুরম্য।
সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন
-----------------------------------

কলম্বাস / ড. মোহাম্মদ আমীন

কলম্বাস

‘কলম’ ও ‘বাঁশ’ শব্দের মিলনে সৃষ্টি হয়েছে কলম্বাস। তিনি পরদেশে গিয়ে আদিবাসীদের
 ‘কলম’ দিয়ে শিক্ষা দেওয়ার নামে ‘বাঁশ’ দিতেন। ‘বাঁশ’ দিয়ে তাদের বাসস্থল
 দখল করে নিজের লোকদের ‘বাস’ করার সুযোগ করে দিতেন। তাই তার নাম হয়েছে কলম্বাস।
আধুনিক গবেষণায় প্রতীয়মান হয়েছে, ‘কলা’, ‘আম’ ও ‘বাঁশ’ শব্দের মিলনে ‘কলম্বাস’
জন্মগ্রহণ করেন। তিনি পরদেশে গিয়ে প্রথমে সেখানকার আদিবাসীদের
‘কলা’ ও ‘আম’ খাইয়ে লোভাতুর করে দিতেন। তারপর ‘বাঁশ’ দিয়ে
পিটিয়ে তাদের বাসস্থল দখলে এনে, নিজের লোকদের ‘বাস’
করার সুযোগ করে দিতেন। তাই তার
নাম হয়েছে কলম্বাস।
উল্লেখ্য : ‘লোভাতুর’ মানে ‘লোভে যে আতুর’। ‘আতুর’ মানে শারীরিক প্রতিবন্ধী।
--------------------------------------------
সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন

কারফিউ / ড. মোহাম্মদ আমীন

কারফিউ
=======
‘কার’ ও ‘ফিউ’ শব্দের সমন্বয়ে ‘কারফিউ’ শব্দের উদ্ভব। ‘কার’ অর্থ গাড়ি, যানবাহনবিশেষ
এবং ‘ফিউ’ অর্থ অল্প বা কম। সুতরাং ‘কারফিউ’ শব্দের অর্থ গাড়িকম বা অল্প গাড়ি।
গাড়ি কখন কম হয় রাস্তাঘাটে? কারফিউ হলে। ‘কার‘ যদি ‘ফিউ’ হয় তো ‘কার’
কমেই যায়। প্রকৃতপক্ষে ‘কারফিউ’ একটি ঘোষণা। এটি জারি করা হলে
রাস্তায় গাড়ির চলাচল কমে যায়। তাই ‘শব্দ-কারিগর’গণ ঘোষণাটির
প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখে শব্দটি বিন্যস্ত করেছেন।
------------------------------------------------------------------------------------

সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলা বাজার, ঢাকা।

জানোয়ার / ড. মোহাম্মদ আমীন

জানোয়ার 
বাংলা শব্দ ‘জান’ ও ইংরেজি শব্দ ‘war’ এর সঙ্গে মিলিত
হওয়ার পর ‘জানোয়ার’ শব্দটি গঠিত হয়েছে। ওয়ার
বা যুদ্ধ প্রচণ্ড ক্ষতিকর। এটি জানা সত্ত্বেও যারা
যুদ্ধ করে, যুদ্ধ করার জন্য অস্ত্র বানায়, 
ষড়যন্ত্র করে - তারাই জানোয়ার।

(এটি একটি কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)
------------------------------------------
সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন

অভিমত / ড. মোহাম্মদ আমীন


অভিমত 
‘অভিজ্ঞ’ ও ‘অমত’ শব্দ হতে অভিমত। অভিজ্ঞরা যে বিষয়ে 
অন্যমত বা অমত পোষণ করেন, সেটাই অভিমত। যেখানে ‘মত’ ঠাই 
পায় না, কেবল সেখানেই অভিমত এসে হাজির হয়। অভিমত 
প্রকাশে কোনো অভিজ্ঞতা লাগে না। তাই সবাই ‘অভিমত’
দিয়ে অভিজ্ঞ হওয়ার প্রয়াস চালান। এজন্য প্রকৃতপক্ষে
অভিজ্ঞতা না-থাকলেও দেশে অভিজ্ঞ লোকের
সংখ্যা অনেক বেশি।
===========================
(এটি একটি কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)
------------------------------------------
সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন

সওদাগর / ড. মোহাম্মদ আমীন

         সওদাগর 
‘সওদা’ অর্থ পণ্য এবং ‘গর’ অর্থ গরল বা বিষ। সুতরাং ‘সওদাগর’ শব্দের আক্ষরিক অর্থ গরল যে পণ্য। শব্দটির প্রায়োগিক ও অন্তর্নিহিত অর্থ, ‘সওদায় গরল প্রদানকারী’। অনেক বিক্রেতা অতিরিক্ত লাভের জন্য সওদায় গরল বা ভেজাল মিশিয়ে বিক্রি করে থাকেন। এদের সওদাগর বলা হয়। সওদাগরেরা ‘সওদা’ বা পণ্যে গর বা গরল বা ভেজাল মিশিয়ে এ কাজটি করেন। তাই তারা সওদাগর।

(কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)------------------------------------------সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন

গাইড বুক / ড. মোহাম্মদ আমীন


গাইডবুক 

‘গা’, ‘ইট’ ও ‘বুক’ মিলে গাইড বুক। ‘গা’ অর্থ শরীর, ‘ইট’ অর্থ ইষ্টক ও ‘বুক’ অর্থ বই। সুতরাং ‘গাইডবুক’ অর্থ শরীরে বাঁধা ইটের মতো বই। যে বইগুলো ওজনে ইটের মতো ভারী কিন্তু ভেতরে অনুর্বর পোড়ামাটি ছাড়া কিছু পাওয়া যায় না বরং ওজনের চাপে শিক্ষার্থীদের কোমল শরীর নির্মাণ শ্রমিকের মতো বাঁকা হয়ে যায় সেগুলো গাইডবুক। এ জাতীয় বই ওজনে ভারী হলেও শিক্ষার্থীরা এখান থেকে কিছুই শিখতে পারে না। শুধু বইরূপী ইট বহন করে শরীরটাকে বাঁকা করে ফেলে।


=====================================
(কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)
সূত্র : অদ্ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলা বাজার, ঢাকা।

ভালবাসা / ড. মোহাম্মদ আমীন


ভালবাসা : ‘ভাল’ ও ‘বাসা’ শব্দ হতে ‘ভালবাসা’ শব্দের উদ্ভব। ‘ভাল’ অর্থ কপাল, ভাগ্য ইত্যাদি এবং ‘বাসা’ অর্থ বাড়ি। সুতরাং ‘ভালবাসা’ অর্থ এমন একটি বাড়ি যেখানে ভাগ্য বাস করে। ‘ভাল’ ও ‘বাসি’ শব্দের সমন্বয়ে ‘ভালবাসি’। ‘ভাল’ অর্থ কপাল এবং ‘বাসি’ অর্থ পঁচা। সুতরাং ‘ভালবাসি’ অর্থ পচাকপাল। ‘ভাল’ বা ভাগ্য কোনো কারণে ‘বাসি’ হয়ে গেলে তা ‘ভালবাসি’ হয়ে যায়। মূলত ‘ভালবাসা’ যখন বাসি হয়ে পড়ে তখন তা ‘ভালবাসি’ নাম ধারণ করে। আর একটি শব্দ আছে, বহুল প্রচলিত ভুল- ‘ভালোবাসা’। ‘ভালো’ অর্থ উত্তম, সরস প্রভৃতি এবং বাসা অর্থ ঘর, গোডাউন প্রভৃতি। সুতরাং ‘ভালোবাসা’ অর্থ উত্তম একটি গোডাউন। ‘ভালোবাসি’ অর্থ এমন কিছু ভালো জিনিস, যা ভালোভাবে বাসি হয়ে গেছে বা পচে গেছে। কোনো ভালো একটি গোডাউনের মালামাল পচে গেলে তা ভালোবাসি নামে চিহ্নিত করা হয়।
=====================================
(কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)
সূত্র : অদ্ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলা বাজার, ঢাকা।

অমানুষ / ড. মোহাম্মদ আমীন


অমানুষ : 
‘অমানুষ’ একটি সমাসবদ্ধ পদ। এর অর্থ অসাধারণ যে মানুষ। যে মানুষ 
অসাধারণ তিনি ‘অমানুষ’। কোনো মানুষ অসাধারণ না হওয়া পর্যন্ত 
অমানুষ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না। তাই অসাধারণ
মানুষ সবসময় সাধারণ মানুষের কাছে কখনও ভয়, কখনও
শ্রদ্ধা আবার কখনও বা ঘৃণার পাত্র হয়ে থাকেন। পৃথিবীর
প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে কারও না
কারও কাছে অন্তত অল্প সময়ের জন্য হলেও
‘অসাধারণ মানুষ’ বা অমানুষ ছিলেন,
আছেন বা হবেন।
=====================================
(কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)
সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন

শ্লোগান / ড. মোহাম্মদ আমীন



শ্লোগান 
 ইংরেজি শব্দ ‘শ্লো’ ও ‘গান’ মিলে ‘শ্লোগান’। ‘শ্লো’ অর্থ ধীরে এবং ‘গান’ অর্থ বন্দুক। ইংরেজভাষী লর্ড ক্লাইভ ও ব্রিটিশ সেনারা বিভিন্ন দেশে ‘গান’ বা বন্দুক নিয়ে সদলবলে ধীরে ধীরে হেঁটে গিয়ে বেচরা সিরাজসহ পৃথিবীর অনেক অঞ্চলের অনেক আদিবাসী নেতাকে পরাজিত করেছিলেন। তাই শব্দটি ইংরেজি অভিধানে ‘শ্লোগান’ হিসাবে চিরস্থায়ী আসন লাভ করে। ব্রিটিশদের মতো বাঙালিদের বন্দুক ছিল না। থাকলেও তা হাতে নিয়ে অগ্রসর হওয়ার সামর্থ্য তাদের ছিল না। তাই তারা ইংরেজি ’gun'-কে বাংলা ‘গান’ বা ‘গীত’ হিসাবে গলায় ধারণ করতে বাধ্য হন। এজন্য আমাদের দেশে রাস্তা-ঘাটে অনেক লোক যখন ধীরে ধীরে উচ্চৈঃস্বরে চীৎকার দিয়ে গান পরিবেশন করেন, তাকে স্লোগান বলা হয়। 
          =====================================
(কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)সূত্র : অদ্ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন